স্বামীর ওপর অভিমান, শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা করে ভিডিও পাঠালেন মা
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে সেই দৃশ্য ভিডিও করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের নগরকান্দায় বিথী আক্তার (২৮) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তাঁর শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে অনুসন্ধান শুরু হয়। এর মধ্যেই শিশুটির ফুফু থানায় ফোন করে ঘটনা জানান। পরে পুলিশ রাধানগর গ্রামে অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তাঁর স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে সেই দৃশ্য ভিডিও করে তাঁর কাছে পাঠান বলে জানান তিনি।
ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
