EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মকবুল হত্যা মামলায় ৯ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

মকবুল হত্যা মামলায় ৯ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: ডেইলি সান

অ অ

নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলায় ৯ বছর ধরে পলাতক এজাহারনামীয় আসামি আনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল।

গ্রেপ্তার আনারুল ইসলাম (৫০) জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ডিমলা থানার জিহাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে আনারুলকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্প (সিপিসি-২) জানায়, জমি নিয়ে পূর্ববিরোধ ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জলঢাকা থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২১। ওই মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি ছিলেন আনারুল ইসলাম।

গ্রেপ্তার আনারুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

আরও পড়ুন