বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে প্রতারণা, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে সিম রিপ্লেসমেন্টের মাধ্যমে বিকাশ ও নগদ এজেন্টদের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড ও ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৭ জুন মোংলায় দুই বিকাশ ও নগদ এজেন্টের তিনটি সিম ক্লোন করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় প্রতারক চক্রটি। পরে ওই সিমে থাকা ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা বিভিন্ন নম্বরে ই-ট্রানজেকশনের মাধ্যমে সরিয়ে নেয় তারা। এ ঘটনায় ১ জুলাই মোংলা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ইয়াছিন সওদাগর ও মো. শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে বাগেরহাটের যাত্রাপুর ও ফকিরহাট এবং ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইয়াছিন সওদাগর (২১), শামীম শেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদৌস (২১), আশ্রাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ও সিমকার্ডে আর্থিক লেনদেনের তথ্য এবং সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের নমুনা পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।