প্রেমের টানে চীন থেকে ঠাকুরগাঁওয়ে যুবক
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: শিওং ঝেনতিং
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সুদূর চীন থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসেছেন এক যুবক। বর্তমানে তিনি প্রেমিকা নাসিমা আক্তারের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল তৈরি হয়।
ওই যুবকের নাম শিওং ঝেনতিং। তার জন্ম ১৯৯৪ সালের ১২ জানুয়ারি। তিনি চীনের শিনজিয়াং প্রদেশের আলার শহরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার বীরগড় গ্রামের আবুল কালামের মেয়ে নাসিমা আক্তার ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সেখানে থাকাকালে ফেসবুকে শিওং ঝেনতিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে দুই-তিন দিন আগে চীন থেকে বাংলাদেশে আসেন ঝেনতিং। বর্তমানে তিনি নাসিমাদের বাড়িতে অবস্থান করছেন। বিয়ের উদ্দেশ্যেই তার এই আগমন বলে জানা গেছে।
এদিকে চীনা এক যুবক নাসিমাদের বাড়িতে অবস্থান করছেন—এ খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ বাড়িটিতে ভিড় করছেন। এতে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।