গাজীপুরকে শান্ত ও শব্দদূষণমুক্ত করতে কাজ করছে প্রশাসন
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত
অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধ, বিশেষ করে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণের মাধ্যমে গাজীপুরকে শান্ত ও শব্দদূষণমুক্ত করতে কাজ করছে জেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেছেন, গাড়ির হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্ন বন্ধ করা গেলে শব্দদূষণ অনেকটাই কমানো সম্ভব। এ জন্য মোটরসাইকেল, অটোরিকশা ও বিভিন্ন গণপরিবহনের চালকসহ শব্দদূষণের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে পর্যায়ক্রমে বৈঠক করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে পরিবহন মালিক ও গণপরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, সভায় গণপরিবহনের মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত সাড়ে পাঁচশর বেশি বাস হাইড্রোলিক হর্নমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসব বাসে হাইড্রোলিক হর্নের পরিবর্তে সহনীয় মাত্রার মিউজিক হর্ন ব্যবহার করা হবে। পাশাপাশি প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর প্রতিশ্রুতিও দিয়েছেন চালকেরা।
জেলা প্রশাসক বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত দুই মাসে শব্দদূষণবিরোধী কর্মসূচির সময় প্রায় ৯০০ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। জেলা পুলিশও শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, জেলা প্রশাসন ও পুলিশ একসঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য মানুষের স্বস্তি নিশ্চিত করা এবং গাজীপুরকে শান্ত ও শব্দদূষণমুক্ত করে গড়ে তোলা।
এর আগে জেলা প্রশাসন সরকারি যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন বন্ধ, সাইলেন্ট ড্রাইভিং এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় শব্দদূষণ কমানোর মতো বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
