দুর্গাপূজায় এবার টানা পাঁচ দিনের ছুটি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি থাকবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর সরকারি ছুটির অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে ছুটি যোগ হয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সব মিলিয়ে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
ফলে দুর্গাপূজার এই ছুটির সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে কোনো ছুটি নিতে হবে না।
চলতি বছর ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও এ ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
