তথ্যের অবাধ প্রবাহেই কমবে দুর্নীতি: মেহেদী হাসান
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে সরকারি সেবায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি দুর্নীতিও অনেকাংশে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। তিনি বলেন, নাগরিকদের তথ্যপ্রাপ্তিতে সরকারি কর্মকর্তাদের যথাযথ সহযোগিতা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবির যৌথ উদ্যোগে ‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্য অভিগম্যতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি তথ্য নাগরিকদের কাছে সহজে পৌঁছানো জরুরি। তথ্যপ্রাপ্তির সুযোগ যত বাড়বে, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি তত নিশ্চিত হবে। সরকারি কর্মকর্তাদের নাগরিকদের তথ্যপ্রাপ্তিতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, নাগরিকদের তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতন করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজ করাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।