ববি হাজ্জাজ
বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্বের সুযোগ কাজে লাগিয়ে এ বিনিয়োগ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল’ বৈঠকে তিনি এ কথা বলেন। ‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশ’স গ্রোথ’ শীর্ষক এ আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ, উদ্ভাবন ও বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।
এ সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে। এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
আলোচনাটি সঞ্চালনা করেন কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদ। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।
ববি হাজ্জাজের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশের সুযোগ বাড়তে পারে।