কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালের কার্যক্রম শুরু
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সংগৃহীত
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে অক্টোবর মাসে।
সাগরের পারে বিশাল ঝিনুকের আকৃতিতে টার্মিনালটি নির্মিত। ভবনের ছাদেও সেই নকশার আদল। প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল চালু হওয়ায় কক্সবাজারে আসা পর্যটকদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।
দেশীয় বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন টার্মিনালে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে। আগমন ও প্রস্থান এলাকা আগের তুলনায় প্রশস্ত করা হয়েছে। পাশাপাশি বড় ও আধুনিক বোর্ডিং লাউঞ্জও রাখা হয়েছে।
যাত্রীদের নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আনসার, বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তা বিভাগ এবং পুলিশের এপিবিএনসহ প্রায় ১৬টি বিভাগ ও সংস্থা একযোগে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
নতুন এই টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন অক্টোবরের শুরুতে হওয়ার কথা রয়েছে। এরপর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরও বিস্তৃত হবে।