EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রিসভায় অনুমোদন

ভ্যাট রিটার্ন জমার সময়সীমায় পরিবর্তন আনছে সরকার

নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ভ্যাট রিটার্ন জমার সময়সীমায় পরিবর্তন আনছে সরকার
অ অ

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।

এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের জন্য অধ্যাদেশের খসড়াটি উপস্থাপন করা হয়।

খসড়ার প্রস্তাব অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। তবে রিটার্ন জমা দেওয়ার ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন