EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ সৌরচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ সৌরচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা

ছবি: ডেইলি সান

অ অ

বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন প্রায় ১৫ হাজার গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, সৌরচালিত ডিপ টিউবওয়েল চালু হলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পরিচালন ব্যয় কমবে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষকের সেচ ব্যয় কমানো, সময়মতো সেচ নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের ঝুঁকি কমানো যাবে।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের প্রতিটি এলাকার কৃষককে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় ১৬টি জেলায় ছোট ছোট প্রকল্প নেওয়ার মাধ্যমে কৃষি, সেচ, পানি ব্যবস্থাপনা ও সৌরবিদ্যুতের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে হবে।


স্থানীয় কৃষক ও জনগণের সমস্যা ও প্রয়োজন জেনে প্রকল্প গ্রহণের জন্য কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মহানন্দা নদীকে ঘিরে অনুমোদিত প্রকল্প ও বরেন্দ্র মেগা প্রকল্পের অগ্রগতির কথাও জানান।

সভায় নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বলেন, পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের কোনো জমি যেন অনাবাদি না থাকে, সেদিকে কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। বিভিন্ন সমস্যায় বন্ধ থাকা ডিপ টিউবওয়েলগুলো দ্রুত সচল করতে হবে। আসন্ন সেচ মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পানি ও জ্বালানির অপচয় রোধে আধুনিক সেচ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন