গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
গোপালগঞ্জে শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কাটার কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসব ঘটনায় গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এবং শহরের আবু সাঈদ সড়কে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় সাতজনকে আটক করা হয়। সোমবার তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।