অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সহযোগিতা বাড়ানোর আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
আঞ্চলিক ও বৈশ্বিক অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোডি।
গত ২১ সেপ্টেম্বর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রীলঙ্কার পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক উন্নয়ন কৌশল, শ্রীলঙ্কা-বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পৃক্ততা’ বিষয়ে এক বক্তৃতায় তিনি এ গুরুত্বারোপ করেন।
বক্তৃতায় শ্রীলঙ্কার আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন সংগঠন ও ফোরামে সম্পৃক্ততার বিষয় তুলে ধরেন হাইকমিশনার। একই সঙ্গে অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকও তুলে ধরেন ধর্মপালা বীরাক্কোডি। তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে।
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বক্তৃতায় ৩২তম স্পেশালাইজড ডিপ্লোম্যাটিক ট্রেনিং কোর্স (এসডিটিসি) ও ৪র্থ প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিপ্লোমেসি (পিএমআইআরডি) কোর্সের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬ জন কর্মকর্তা এবং ছয়জন বিদেশি কূটনীতিক অংশ নেন।
বক্তৃতার পর অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেন শ্রীলঙ্কার হাইকমিশনার।
সফরকালে হাইকমিশনারের সঙ্গে ছিলেন ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি গায়াঙ্গা দিয়াস। তারা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, মহাপরিচালক সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।