বাবার মুখে খাবার তুলে দেওয়া মেয়ের ভিডিও বদলে দিল অনিকের জীবন
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম
ছবি: সংগৃহীত
কয়েক দিন আগেও নানা অভিযোগকে ঘিরে আলোচনায় ছিলেন বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার অনিক সরদার। তবে হাত-পা বাঁধা বাবার মুখে তার শিশু কন্যা তুবা খাবার তুলে দিচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও বদলে দিয়েছে তার পরিবারের পরিস্থিতি। ভিডিওটি দেখে অনিকের পরিবারের পাশে দাঁড়াতে শুরু করেছেন অনেকে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে বামরাইল এলাকায় চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদারকে স্থানীয়রা আটক করে বেঁধে রাখেন বলে জানা গেছে। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে সকালে তার শিশু কন্যা তুবা বাবার মুখে খাবার তুলে দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি মানুষের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা অনিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের এই উদ্যোগে পরিবারটির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
অনিকের স্ত্রী জান্নাতুল ফিরদাউস জানান, তিনি এইচএসসি পাস করেছেন। তাদের দুই সন্তান—তুবা (৯) ও তুরিন ইসলাম তুনা (৩)। পরিবারের আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই। অভাব-অনটনের মধ্যেই তাদের সংসার চলছে। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বামীর কর্মসংস্থান অথবা নিজের জন্য একটি চাকরি প্রয়োজন বলে জানান তিনি।
জান্নাতুল ফিরদাউসের ভাষ্য, অনিক এখন আগের জীবন থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে নতুন করে শুরু করতে চান। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্থায়ীভাবে আয়-রোজগারের একটি পথ খুঁজছেন।
অনিক সরদার বলেন, ‘আমি ভালোভাবে জীবনযাপন করতে চাই। কেউ যদি আমাকে আয়-রোজগারের একটি পথ তৈরি করে দেন, আমি নিজেকে বদলে ফেলব।’ সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে একটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, বাবার প্রতি মেয়ের ভালোবাসার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনিক সরদার সত্যিকার অর্থে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
