EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম

পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

ছবি: সংগৃহীত

অ অ

লালমনিরহাটের পাটগ্রামে ডাম্পার ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ডাম্পার ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন