EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে মারধর, প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে মারধর, প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেপ্তার
অ অ

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮-এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি-৮।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, বেতাগীর আলোচিত ওই ঘটনায় ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ফয়সাল তার প্রতিবেশী ও আত্মীয়। পুলিশের ভাষ্য, ফয়সাল বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।

এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার পর থেকেই বাহিনীটি ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা আত্মগোপনে গিয়ে বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, বরগুনায় স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন