৭২ ঘণ্টার আগেই শেওড়াপাড়া-মিরপুর ১০ মেট্রোরেল পিলারের পোস্টার অপসারণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের নির্দেশের ৭২ ঘণ্টার আগেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার থেকে পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসিসির তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবকেরা এ কার্যক্রম পরিচালনা করেন।
সকাল ১০টা থেকে মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলার থেকে পোস্টার ও লিফলেট অপসারণ শুরু করেন স্বেচ্ছাসেবকেরা। পরে পর্যায়ক্রমে শেওড়াপাড়া মেট্রোরেল এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে বিকেলের মধ্যে কার্যক্রম শেষ করা হয়।
এ সময় মেট্রোরেলের পিলার ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধরনের পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলা হয়। এতে মেট্রোরেলের নিচের সড়ক ও আশপাশের পরিবেশ আগের তুলনায় পরিচ্ছন্ন হয়েছে বলে জানান পথচারীরা।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নির্দেশে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। গতকাল শনিবার শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি মেট্রোরেলের নিচের পিলার থেকে পোস্টার ও লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিলেন।
এর পরদিনই নির্ধারিত সময়ের আগেই পোস্টার ও লিফলেট অপসারণের কাজ শেষ করা হলো।