EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভৈরবে প্রতিষ্ঠানের নথিতে ৩৫ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ভৈরবে প্রতিষ্ঠানের নথিতে ৩৫ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন
অ অ

কিশোরগঞ্জের ভৈরবে একটি প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই করে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক (ভ্যাট) ফাঁকির প্রাথমিক তথ্য উদঘাটনের কথা জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভ্যাট কমিশনারেটের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশে এবং যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রিভেন্টিভ দল গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের J.I. Impex Ltd.-এ অভিযান চালায়।

অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন বাণিজ্যিক নথি, ক্লিপ ফাইল, প্লাস্টিক ফোল্ডার, সিপিইউ, টালি খাতা, রেজিস্টার, ট্রাক ভাড়ার কাগজপত্র, মেমো ফাইল, ট্রাকচালকদের খরচের বিবরণী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বাক্ষর করা কম্পিউটার প্রিন্টেড বিক্রয়সংক্রান্ত নথি জব্দ করা হয়।

পরে জব্দ করা নথিপত্র পর্যালোচনা করে ২০২৩ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের তথ্য পাওয়া যায়। এসব তথ্য ৭২টি ফোল্ডার ও নথিতে সংরক্ষিত ছিল বলে জানিয়েছে ভ্যাট কমিশনারেট।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে এসব নথিতে মোট ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার বিক্রয়ের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকির প্রাথমিক তথ্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভ্যাট কমিশনারেট জানিয়েছে, জব্দ করা নথিপত্র আরও যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন