ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি ভালো নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হবে। জাতীয় নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনিটরিং সেল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
নির্বাচনী মাঠের পরিবেশ ভালো রয়েছে বলেও দাবি করেন এ এম এম নাসির উদ্দিন।
২৯ অক্টোবর ভোট
তফসিল অনুযায়ী, আজ ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে ১১-দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।