EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি মন্ত্রী

শিগগিরই জ্বালানি সংকট কাটবে, দুর্ঘটনা না হলে সরবরাহে সমস্যা থাকবে না

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

শিগগিরই জ্বালানি সংকট কাটবে, দুর্ঘটনা না হলে সরবরাহে সমস্যা থাকবে না
অ অ

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আর সমস্যা হবে না।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে।

তিনি বলেন, জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা সময়মতো দেশে আনা সম্ভব হয়নি। বর্তমানে জ্বালানি সঠিকভাবে দেশে আসছে।

জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্নের কারণে জনগণকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেও তৈরি হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনের সময় বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপের কারণে দ্রুত পরিস্থিতির সমাধান সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই দলগতভাবে কাজ করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী দিনে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

আরও পড়ুন