রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ওসির বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সরকার বিবেচনায় নেবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে চাঁদাবাজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে করা অভিযোগের সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা করলে পুলিশ তা তদন্ত করে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে তিনি বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি; অন্যদিকে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায়, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে।
