হঠাৎ অসুস্থ, কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আতিয়ার শেখ জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর পরশকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পরশ কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ এবং বাবার নাম মো. লিয়াকত। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, পরশের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।