বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আফ্রিকান নাগরিকসহ ২ জনের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। মারা যাওয়া মোটরসাইকেলের দুই আরোহীর একজন সিয়েরা লিওনের নাগরিক মাইকেল এবং অপরজন মো. খালেদ সাইফুল্লাহ (৩৮)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বনানীর আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মো.খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে।
পুলিশের তথ্যমতে, আমতলী মোড় পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাইকেলের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসকে জানানোর প্রক্রিয়া চলছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, মালিবাগের কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করতেন মাইকেল। শুক্রবার কর্মস্থল থেকে বিদায় নিয়ে শনিবার তাঁর নিজ দেশে ফেরার কথা ছিল। মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনায় মাইকেলের মৃত্যু হয়।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।