EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর
অ অ

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের অপরাধ বন্ধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে ‘এক্সপ্লোর-২’ জাহাজে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বন বিভাগের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। পর্যটকদের মাধ্যমে সুন্দরবনে কোনো অবৈধ কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়েও ট্যুর অপারেটরদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনশিল্পকে এগিয়ে নিতে হবে। প্রতিদিন সর্বোচ্চ কতজন পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন, তা নির্ধারণে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটকের চাপ যাতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব না ফেলে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক, ওয়ানটাইম প্লেট ও গ্লাসের ব্যবহার বন্ধের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পর্যটকবাহী নৌযানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোরও আহ্বান জানান তিনি।

সভায় টোয়াসের নেতারা সুন্দরবনে প্রতিবছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস পর্যটক প্রবেশ বন্ধ রাখার সময়সীমা পুনর্বিবেচনার দাবি জানান। তাদের দাবি, দীর্ঘ সময় পর্যটন বন্ধ থাকায় ট্যুর অপারেটর, জাহাজের মালিক, গাইড ও মাঝিসহ সংশ্লিষ্টদের আয়-ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন