ফ্যাসিবাদী অপশক্তিকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা দেশে গণহত্যা চালিয়েছে ও মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের বিচার করা হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে ও মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের বিচার করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছেন। দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। তার ভাষ্য, বিনা ভোটে দেশ পরিচালনা এবং গণতন্ত্রকে ‘সিস্টেমেটিক্যালি হত্যা’ করে সংশ্লিষ্টরা দেশের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত এখনো এর কোনো জবাব দেয়নি।
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের প্রতি তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে ফিরে তাঁরা আপিলের সুযোগ চাইলে তা দেওয়া হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।