EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ অভিযান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ অভিযান
অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ ও বিশেষ মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন সপ্তাহের সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে। নাগরিক সমাজ ও সামাজিক প্রতিষ্ঠানগুলো প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

তিনি সরকারি আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

ডিএসসিসি জানায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার ৭৫টি ওয়ার্ডে বিশেষ ‘ক্লিনিং ডে’ পরিচালনা করা হচ্ছে। এর আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন জোরদার ও জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম চালানো হয়।

ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন