বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত দুই দিনের টানা ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, গত দুই দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে।
এদিকে, তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবছর সেপ্টেম্বরের শেষ দিকে বড় বন্যা হওয়ার কথা উল্লেখ করে তিস্তাপাড়ের মানুষও এবার সেই আশঙ্কা করছেন।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটির পার গ্রামের কোরবান আলী বলেন, চলতি বছর স্থায়ীভাবে বড় কোনো বন্যা হয়নি। তবে শুক্রবার রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। শনিবার সকাল ৬টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।