হাসপাতাল পরিদর্শনে চৌধুরী নায়াব ইউসুফ
২৫০ শয্যায় উন্নীত হচ্ছে ফরিদপুর জেনারেল হাসপাতাল
দুটি হাসপাতালেই বর্তমানে নির্দিষ্ট ধারণক্ষমতার তুলনায় বহু গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেবার মান সরেজমিনে ঘুরে দেখছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ছবি: সংগৃহীত
ফরিদপুর জেনারেল হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটির অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত ধাপে চলমান রয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি হাসপাতাল দুটির বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন। শয্যাশায়ী রোগীদের চিকিৎসাসেবার মান, জরুরি ওষুধের প্রাপ্যতা ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসায় কোনো প্রকার অবহেলা হচ্ছে কি না—সে বিষয়ে চিকিৎসাধীন রোগী ও তাদের সাথে থাকা স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুটি হাসপাতালেই বর্তমানে নির্দিষ্ট ধারণক্ষমতার তুলনায় বহু গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দুই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।