হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার। সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৯।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি রাজু কল (৩২), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্রামের মৃত পাকলু কলের ছেলে, লিটন কর্মকার (৩৫) মৃত লক্ষণ কর্মকারের ছেলে এবং হৃদয় তাতী (২৫) মৃত মন্টু তাতীর ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তেলিয়াপাড়া বাজারে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের অবস্থান সম্পর্কে জানতে পারে। সুরমা চা বাগান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীদের অবস্থান জানতে পেরে এসআরবির দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ৩টি পাট ও ১টি প্লাস্টিকের বস্তায় নীল রঙের পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।