বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ এএম
ছবি: ডেইলি সান
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল তাজিকিস্তান সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন মো. শহিদুল ইসলাম, ডা. মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ড. মো. ওহিদুজ্জামান। এ ছাড়া তাজিকিস্তানে নিযুক্ত (অনাবাসিক) বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধিদল দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে।
প্রতিনিধিদলটি তাজিকিস্তানের স্পিকারকে বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে অবহিত করে।
ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্কের পরিধি আরও বিস্তৃত ও বহুমুখী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
