বাঞ্ছারামপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ
ডেইলি সান রিপোর্ট, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১১০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৩৯টি পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। কৃতি শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে সরকার। ভালো শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে।
তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। ঝরে পড়া রোধে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা দিতে পারলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সাকি বলেন, কাউকে যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।
শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভালো শিক্ষক পাওয়া গেলে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।