রূপগঞ্জে ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দেড় কোটি টাকার কাপড়
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: ডেইলি সান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রূপগঞ্জের রূপসি এলাকায় সিরাজগঞ্জ ফিনিশিং মিলের কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘ প্রচেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। এরপর রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বুখারী লুঙ্গির মালিক আসাদুজ্জামান জানান, তার প্রায় ৬৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মোতালিব লুঙ্গির মালিক আব্দুল মোতালেব প্রায় ৩২ লাখ টাকা এবং সম্রাট লুঙ্গির মালিক আবু তালহা প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। এছাড়া বক্রম ছিল যেগুলো পুড়ে গেছে।