ঢাকায় ডেঙ্গু, জলাবদ্ধতা ও যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদেরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে অর্থনীতির ওপর বড় প্রভাব পড়ে। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানিয়ে মঈন খান বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।