রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ভাটারার সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক মারা যায়। একই দিনে বনানীতে বাসের ধাক্কায় মারা যায় এক মোটর সাইকেল আরোহী।
ভাটারায় নিহত মো. সুমনের (২০) গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আজিজুল্লাপুর গ্রামে। তাঁর বাবার নাম নুরুন্নবী লিটন। তিনি ভাটারার নতুন বাজার এলাকায় গ্রিলের কাজ করতেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর বন্ধু রবিউল (২২)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল করে মঙ্গলবার রাতে ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু রবিউল ও সুমন। ভাটারার সাঈদনগর এলাকায় এলে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি সুমনের ও চালকের আসনেও ছিলেন তিনি। এ ঘটনায় আহত হয় রবিউল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন জানান, সুমনের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। জরুরি বিভাগে আহত রবিউলের চিকিৎসা চলছে।
অপরদিকে মঙ্গলবার দুপুরে বনানী এলাকায় বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন।
নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন সোহেল। এসময় মোটরসাইকেলটি চালানো তাঁর সহকর্মী আহত হন ।
বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তাঁর এক সহকর্মীর মোটরসাইকেলে করে মোহাম্মদপুর থেকে ভাটারা থানার দিকে যাচ্ছিলেন। পথে বনানীর চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় তাঁদের মোটরসাইকেলকে লাবিব পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়েন।
বাসটির সামনে পড়ে বাসের চাকায় পিষ্ট হন সোহেল। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। আহত মোটরসাইকেল চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।