টেকনাফে নৌকাডু্বিতে নিহত ২, রোহিঙ্গাসহ উদ্ধার ১৬
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাডুবিতে মারা গেছে এক নারী ও এক শিশু। জীবিত উদ্ধার করা হয়েছে ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় নৌকা। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ সময় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উদ্ধার অভিযানে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, রাতে একটি রোহিঙ্গাবোঝাই ট্রলার উপকূলে এসে ডুবে যায়। এ ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তাঁরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে তাঁরা সাগরপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
নিহত নারী ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। নৌকাটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তিনি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।