EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে : গণপূর্তমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে : গণপূর্তমন্ত্রী

ছবি: ডেইলি সান

অ অ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যাকারিয়া তাহের বলেছেন, নারায়ণগঞ্জের জন্য একটি স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে। নারায়ণগঞ্জের বর্তমান সীমানা কীভাবে আরও বাড়ানো যায়, তা যাচাই করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—শহরবাসী যেন প্রকৃত সেবা পায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের সরকারের প্রথম অধিবেশনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইন পাস হয়। তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন। সেই উদ্দেশ্যেই আজ এখানে আসা।

তিনি আরও বলেন, রাজউকও সরকারের অংশ, এনডিএও সরকারের অংশ। জনগণের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে। সরকারি সিদ্ধান্ত সব দিক বিবেচনা করেই নিতে হয়।’

মন্ত্রী বলেন, আমাদের সরকার আসার পর দেখা গেছে, রাজউকের এলাকার তুলনায় জনবল পর্যাপ্ত ছিল না। সে কারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। ঢাকা শহরের মানুষ যেন আরও ভালো সেবা পেতে পারে, সে জন্যই এসব উদ্যোগ। কারণ সেবা দিতে হলে জনবল প্রয়োজন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন