দিনাজপুরে শিশু রুহির মরদেহ উদ্ধার, মাসহ গ্রেপ্তার ২
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজারে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহি হত্যা ও মরদেহ গুমের ঘটনায় গ্রেপ্তার রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন টুডুকে গ্রেপ্তারের পর সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে সঙ্গে নিয়ে জামতলী বাজারসংলগ্ন আমবাগান, হলুদখেত ও আশপাশের এলাকায় মরদেহ উদ্ধারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতভর তল্লাশি চালিয়েও মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রিপন টুডুর দেওয়া তথ্য পুনরায় যাচাই করে দ্বিতীয় দফায় অভিযান শুরু করা হয়। একপর্যায়ে জামতলী এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ডিবির অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতেই দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিশু রুহির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রিপন টুডু ও শিশুটির মা জিন্নাতুন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি বলেন, হত্যার কারণ, মরদেহ কোথায় ও কীভাবে গুম করা হয়েছিল এবং ঘটনায় আর কেউ জড়িত কি না—এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
তদন্তসংশ্লিষ্টদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় চার মাস আগে জিন্নাতুন বেগমের সঙ্গে রিপন টুডুর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে জিন্নাতুন তার মেয়ে রুহিকে নিয়ে রিপনের বাড়িতে বসবাস শুরু করেন। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই সম্পর্কে শিশুটি বাধা হয়ে দাঁড়াতে পারে—এমন আশঙ্কা থেকেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। একই সঙ্গে ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।