হোটেলরুমে স্ত্রীর হাতে স্বামী খুন, দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ
ঘটনার রাতে শারীরিক অসুস্থতার কারণে ওই নারী অনৈতিক কাজে অস্বীকৃতি জানালে সোহেল তার সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি সংগৃহীত
খুলনার একটি হোটেলের কক্ষে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহব্যবসায় বাধ্য করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে শ্বাসরোধে সোহেল রানা বাবুকে (৩২) হত্যা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে খুলনা সদর থানাধীন হোটেল কপোতাক্ষের ম্যানেজার মনির ৯৯৯ নম্বরে ফোন করে জানান, হোটেলের একটি কক্ষে এক নারী তার স্বামীকে হত্যা করেছেন।
খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে খুলনা সদর থানাকে বিষয়টি জানানো হয়। পরে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফাতেমা আক্তার (২৪) ওরফে সুপ্তী রানী জোয়ার্দারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর পরিচয়ে ফাতেমা আক্তার ও সোহেল রানা বাবু (৩২) দম্পতি হিসেবে কপোতাক্ষ হোটেলে ওঠেন। অভিযোগ রয়েছে, সোহেল রানা তার কথিত স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করাতেন। ঘটনার রাতে শারীরিক অসুস্থতার কারণে ওই নারী অনৈতিক কাজে অস্বীকৃতি জানালে সোহেল তার সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ।
ফাতেমা আক্তার খুলনার দাকোপ থানার আচাবুয়া গ্রামের মৃত বিকাশ জোয়ার্দারের মেয়ে। তার মায়ের নাম খাদিজা বেগম ওরফে সুনীত রায়।
এ ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা করা হয়েছে।
