আইজিপির সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ হয়।
এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
এ জন্য আইজিপিকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া সাইবার নিরাপত্তা ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি। নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও তিনি সহযোগিতা চান।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।