চট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ট্র্যাপ টিম।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।
জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন।
অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে তিনি দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে বুধবার দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।