২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যবসায়ী পুলিশের হাতে আটক
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রণজিতকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
ব্যবসায়ীদের অভিযোগ, রণজিত প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে স্বর্ণের ব্যবসা করছেন। অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। ব্যবসায়ীদের মধ্যে এক দোকান থেকে অন্য দোকানে গহনা এনে গ্রাহকদের দেখানো এবং পরে বিক্রি করার প্রচলন রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রণজিত চারটি দোকান থেকে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নেন। তবে পরে তিনি সেগুলো আর ফেরত দেননি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এমনকি শহরের শাঁখারিপাড়ার ভাড়া বাসাতেও তাকে পাওয়া যায়নি। পরে সপরিবারে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন ব্যবসায়ীরা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর।
তমা শিল্পালয়ের পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ করেছেন। পরে পুলিশ তাকে আটক করেছে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ২২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। তার কাছ থেকে পুরো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ জন্য তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত রণজিত পালকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে।