দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করা স্বাভাবিক। তবে এ প্রক্রিয়ায় যাত্রীদের স্বার্থ ও মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে সংগঠনটি।
যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে। এতে ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধিত্ব ও মতামত উপেক্ষিত হচ্ছে।
সংগঠনটি বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কতটুকু ভাড়া বাড়ানো যৌক্তিক—তার কোনো স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয় না।
বিবৃতিতে আরও বলা হয়, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাস ও লঞ্চ মালিকদের পাশাপাশি যাত্রীদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নির্ধারণে পরিবহন খাতের প্রকৃত পরিচালন ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, অতীতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে বাস ও লঞ্চ মালিকদের একতরফা সুবিধা দেওয়ার প্রবণতা দেখা গেছে। এবারও যেন যাত্রীদের স্বার্থ উপেক্ষা করে ভাড়া নির্ধারণ না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।