EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা
অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর স্বজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ সময় দায়িত্ব পালনরত আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রকৃত ঘটনা তুলে ধরে আনসার বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আনসার বাহিনীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব চলাকালে এক যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে আগমনী গেট দিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন।

একপর্যায়ে ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করলে মেঝেতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন স্বজন মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ভিডিও ধারণ বন্ধ করতে বলা হলে তাদের সঙ্গে আনসার সদস্যদের বাকবিতণ্ডা হয়।

আনসার বাহিনীর দাবি, একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি দায়িত্ব পালনরত আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। পরে তারা আনসার সদস্যদের ঘিরে ফেলেন। এ সময় বিমানবাহিনী ও আনসার সদস্যসহ দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে উত্তেজিত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

ঘটনায় দায়িত্ব পালনরত পিসি হাবিবুর রহমান, আনসার সদস্য মো. নুরুজ্জামান ও মো. সাদেকুল সামান্য আহত হন। তাদের ইউনিফর্মের কিছু অংশ ছিঁড়ে যায়। আহত হওয়ার পরও তারা দায়িত্ব পালন অব্যাহত রাখেন বলে জানিয়েছে আনসার বাহিনী।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা, প্রবেশ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা প্রটোকল অনুসরণ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের দায়িত্বের অন্যতম অংশ।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনী।

আরও পড়ুন