বিদেশি পিস্তল ও চাপাতিসহ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে গ্রেপ্তার করেছে এসআরবি-২। এ সময় তার সহযোগী মো. ইসমাইল হোসেন ডালিমকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি-২। পরে বিকেলে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
এসআরবি-২ জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাইল্ল্যা ফারুকের কলাতিয়া এলাকায় অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে ও তাঁর সহযোগী ইসমাইল হোসেন ডালিমকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২-এর ভাষ্য, কাইল্ল্যা ফারুকের বিরুদ্ধে বসিলা এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, চণ্ডীপুর এলাকায় স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি এবং মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বসিলা ব্রিজ এলাকায় ছিনতাইয়ে জড়িত কিশোর-তরুণদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, জোরপূর্বক জমি দখল করে বালু ভরাট এবং মাদক কারবারিদের সুরক্ষা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসআরবি-২-এর অধিনায়ক বলেন, ফারুককে মাদক কারবারিদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁকে কিশোর গ্যাংয়ের গডফাদার বলা হয়নি। স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় ফারুক ঘটনাস্থলে ছিলেন বলেও জানান তিনি।
এসআরবি-২ জানিয়েছে, ফারুকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং দাঙ্গা, গুরুতর আঘাত, বলপূর্বক গ্রহণ, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আরও দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর সদর থানায় তার বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। অস্ত্র আইন ও স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসে চাঁদাবাজির ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-২।