রাজধানীর এলিফ্যান্ট রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ ব্যবসায়ীকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর এলিফ্যান্ট রোডের সায়েন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের দুই পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর পরিশোধ এবং ফুটপাতে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না, তা যাচাই করা হয়।
এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসির পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকি তৈরি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি করপোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
জনস্বার্থে এবং নগরবাসীর জন্য সুশৃঙ্খল ও চলাচল উপযোগী ফুটপাত নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
