EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

ঢাকায় বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক
অ অ

সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের (ওয়েইমিং) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ কাঠামো ও বাস্তবায়নের সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী এবং ওয়েইমিংয়ের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

বৈঠকে ওয়েইমিংয়ের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান ও বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে আগস্টে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্পে চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কেনার পরিকল্পনা রয়েছে। ওই প্রকল্পে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছিল।

আরও পড়ুন