তুমব্রু সীমান্তে ট্রাকভর্তি ওষুধসহ আটক ৩
ডেইলি সান রিপোর্ট, বান্দরবান
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি বিভিন্ন ধরনের ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তুমব্রু বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকটি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ওষুধের আনুমানিক সিজারমূল্য ৩০ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার।
বিজিবির ধারণা, উদ্ধার করা ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
