EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বালু সিন্ডিকেটের বিরুদ্ধে বদরগঞ্জ পৌর বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বালু উত্তোলনে মৃতপ্রায় নদী, ভাঙনে বিলীন কৃষিজমি

ডেইলি সান রিপোর্ট, বদরগঞ্জ (রংপুর)

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

বালু সিন্ডিকেটের বিরুদ্ধে বদরগঞ্জ পৌর বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বদরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন গোলাম রসুল বকুল।

অ অ

রংপুরের বদরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও কথিত বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বদরগঞ্জ ও তারাগঞ্জের নদীবেষ্টিত এলাকার বিভিন্ন পয়েন্ট ও ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে তাঁরা লক্ষ করছেন। এমনকি ভোটের সময়ও বালু উত্তোলন হয়েছে বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীগুলো অনেকটা মৃতপ্রায় হয়ে পড়েছে। বালু তোলার এলাকাগুলোয় নদীভাঙনে কৃষকের আবাদি জমি বিলীন হচ্ছে। এতে জনজীবন অস্থির হয়ে পড়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

বকুল আরও অভিযোগ করেন, বালু উত্তোলন বন্ধে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজসেবী ও সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, উপজেলা ও থানা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের সরিয়ে দিলেও কয়েক ঘণ্টা বা এক দিন পর তাঁরা আবার কাজ শুরু করেন।

সাংবাদিকদের মাধ্যমে জেলা ও বিভাগীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জনকল্যাণের স্বার্থে অতিদ্রুত পর্যাপ্ত জনবল নিয়ে এসে সব বালুর পয়েন্ট ২৪ ঘণ্টার মধ্যে সিন্ডিকেটমুক্ত করতে হবে।

বালু উত্তোলনে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন দাবি করে তিনি বলেন, যাঁরা এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তাঁরা দলের সদস্য নন। তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয়তাবাদী দল কোনো সন্ত্রাসী বা অপরাধীর অভয়ারণ্য হবে না, তাদের দায়ও নেবে না। বিএনপির কোনো নেতা বা সদস্য এতে জড়িত থাকলে তার দায় উপজেলা বা পৌর বিএনপি নেবে না।

আরও পড়ুন