EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকবেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কের স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দেবেন বলেও জানান পররাষ্ট্র সচিব।

জাতিসংঘে প্রতিনিধি দলের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে সফররত প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বের ওপরও বর্তায়।

নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করে সচিব বলেন, ‘আপনারা জানেন যে সফররত প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বের ওপরও বর্তায়। সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মধ্যে রয়েছি, যাতে সকলের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।’

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড.খলিলুর রহমান নিউইয়র্ক থেকেই যোগ দেবেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। এ সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের আয়োজনে বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলাবিষয়ক একটি সভায় বক্তব্য দেবেন। 

সেদিন বিকেলে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘Climate Action and the Just Transition’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

২৪ সেপ্টেম্বর অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন। 

আরও পড়ুন