EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
অ অ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের একটি ভবন থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরে সেগুলো নিষ্ক্রিয় করে। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের ২৫৮ নম্বর ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ে অভিযান চালানো হয়। সেখানে একটি পিলারের সঙ্গে রাখা ইটের সুরকির বস্তার ভেতর থেকে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ডিবি আরও জানায়, রায়হানকে জিজ্ঞাসাবাদের পর ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন